নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার ভাঘদী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাকিব মিয়া (২০) ও তার সহদোর ভাই রাকিব (২৫) পলাশের কর্তাতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন নিহতদের পিতা ও তার স্ত্রী রাবেয়া খাতুন।
নিহতর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তবে চাঁদা না দেওয়ায় সোমবার রাতে দুর্বৃত্তরা সাকিব ও রাকিবের ওপর হামলা চালায়। হামলায় তাদের মা রাবেয়া খাতুন ও বাবা আশরাফ উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, ঈদের দিন সাকিব ও তার বন্ধুরা বেড়াতে বের হলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে রাকিব ও তার মা-বাবা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও আক্রমণ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়। আহত মা-বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পলাশ থানার অফিসার্স ইনচার্জ মনির হোসেন বলেন, চোর সন্দেহে পলাশের বাঘদি গ্রামের লোকজন সকালে একজনকে গণধোলাই দিয়েছে। পরে রাতেও চোর সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে আরও একজন মারা যান।
