ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১১:৪৫

সাভারে ঈদের রাতে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার সদর থানা এলাকার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবৎ সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করতেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি কল আসে। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে, রুবেলকে গুলি করেছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে। পরে আমরা সেখান থেকে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্ণব বলেন, ‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

ইত্তেফাক/এএইচপি