সাভারে পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৯:৫৮

সাভারে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে সাভারের বলিয়ারপুর এবং শুক্রবার সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ভোলা জেলার শান্তিরহাট থানার চর সুমাইয়া গ্রামের মো. নাছিরের ছেলে মো. রাসেল (২০) ও বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানার শ্রমিক ফারুক (২৪)।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বলিয়ারপুর এলাকার শ্যামলী পরিবহনের ডিপোতে একটি গাড়ির বডি ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিক রাসেল ও এমদাদ। রাসেল গাড়ির নিচে ঢুকে ঝালাই করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয়। এ সময় সহকর্মী এমদাদ দ্রুত ছুটে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে অন্য শ্রমিকদের সহায়তায় রাসেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রাসেল বলিয়ারপুরের শ্যামলী পরিবহনের বডি গ্যারেজে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, শ্রমিক নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় থানায় মামলা দায়ের হয়নি।
 
এদিকে শুক্রবার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। 

ইত্তেফাক/অনি