আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুই গ্রামবাসী। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও গরু লুটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন পূর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের বাসিন্দা এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ। এ ঘটনায় পরদিন মীমাংসা বৈঠকে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত পারভেজকে মারধর করা হয়।
এর জেরে বুধবার এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছবিলা গ্রামে হামলার কথা জানানো হয়। এতে দুই গ্রামের মানুষ রামদা, টেঁটা, বল্লম-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বলাইশিমুল গ্রামের বাসিন্দারা ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এক বাড়ির গোয়ালে আগুন ধরিয়ে দেয়। এসময় গরুও লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
