সাতক্ষীরায় প্লাবিত এলাকায় কোস্ট গার্ডের ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৭:০২

সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২৫০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং ৩০০টিরও বেশি পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। 

বৃহস্পতিবার(৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূল ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। 

এই ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ, এএমসি।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতেও উপকূল ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কোস্ট গার্ডের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইত্তেফাক/আইএ