যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে (২৫) গ্রেপ্ত করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে। এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পলিশ।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরের অভয়নগরের ঈদমেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি হন দুই শতাধিক রোগী। বুধবার দুপুর ৩টা পর্যন্ত ২১৩ জন রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার ঈদের দিন থেকে বুধবার পর্যন্ত রোগী ভর্তির এ তথ্য পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদের দিন ভৈরব নদের ব্রিজের পূর্ব পাশে হরেকরকম খাবারের দোকান বসে। গ্রামের আশপাশ ও দূর দুরান্ত থেকে শত শত মানুষ শিশুদের নিয়ে ভৈরব ব্রিজ দেখতে আসে। সোমবার ঈদের দিনও শতশত শিশু, নারী ও পুরুষ সেখানে এসেছিলো। সেখানে মনির হোসেনের দোকান থেকে ফুচকা খেয়েছিল অনেকেই। ফুচকা খাওয়ার পর প্রায় সবার পেটে যন্ত্রণা, পাতলা পায়খানা, বমি, জ্বর ও খিচুনি শুরু হয়। এরপর অনেকে সেদিন গভীর রাতে আবার কেউ কেউ পরদিন সকালে হাসপাতালে ভর্তি হন। এভাবে বুধবার দুপুর ৩টা পর্যন্ত ২১৩ জন ভর্তির তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন বলেন, খাবারে জীবাণু থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ রোগীর পেটে ব্যাথা, মাথা ব্যাথা, বমি, পাতলা পায়খানা ও জ্বর দেখা দিয়েছে।
