নেত্রকোনার আটপাড়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোশাররফ হোসেন নামক এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোশাররফ হোসেন উপজেলার দশভাগিয়া গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে। অভিযুক্ত শাহ আলম একই গ্রামের আব্দুস ছাত্তার চৌধুরীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহ আলম একই গ্রামের স্কুলপড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মোশাররফ এর প্রতিবাদ করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঘটনার ১০ দিন আগে শাহ আলম প্রকাশ্যে মোশাররফকে হত্যার হুমকি দেন। ঘটনার দিন রাত ১০টার দিকে মশার কয়েল কিনতে গ্রামের দোকানে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শাহ আলম ছুরি দিয়ে মোশাররফের গলার পেছন দিকে আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে মমেক হাসপাতালে পাঠানো হয়।
