মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পারস্পরিক শুল্ক (reciprocal tariffs) ঘোষণার ফলে টেসলা সিইও ইলন মাস্ক বৃহস্পতিবার (৩ এপ্রিল) একদিনেই ১১ বিলিয়ন ডলার হারিয়েছেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বের ৫০০ জন ধনকুবের মাত্র একদিনে সম্মিলিতভাবে ২০৮ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন। গত এক দশকের মধ্যে অন্যতম বড় ধস।
আর্থিক এই ধসের সবচেয়ে বড় ভুক্তভোগী হলেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ১৭.৯ বিলিয়ন ডলার কমে গেছে। যা তার মোট সম্পদের ৯ শতাংশ হ্রাসের সমতুল্য।
এদিকে এই ধস ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে চতুর্থ বৃহত্তম একদিনের পতন এবং কোভিড-১৯ মহামারির পর থেকে সবচেয়ে বড় ধস।
ক্ষতিগ্রস্ত মার্কিন ধনকুবেররা হলেন- জেফ বেজোস (আমাজন): শেয়ারের ৯ শতাংশ পতনে ১৫.৯ বিলিয়ন ডলার ক্ষতি; মাইকেল ডেল: ৯.৫৩ বিলিয়ন ডলার ক্ষতি; ল্যারি এলিসন: ৮.১ বিলিয়ন ডলার হারিয়েছেন; জেনসেন হুয়াং: ৭.৩৬ বিলিয়ন ডলার কমেছে; ল্যারি পেজ: ৪.৭৯ বিলিয়ন ডলার কমেছে; সের্গেই ব্রিন: ৪.৪৬ বিলিয়ন ডলার কমেছে ও থমাস পিটারফি: ৪.০৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বাইরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি: ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট একদিনে ৬ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। যা বিলাসবহুল পণ্য এবং অ্যালকোহল রপ্তানিকে বড় ধরনের ধাক্কা দিতে পারে।

