চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই বোন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের সাইরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফারিহা জান্নাত (৮) ও তানজীমুল হাসান (৭)। তারা একই গ্রামের নতুনপাড়া এলাকার প্রবাসী হাসান পারভেজের সন্তান।
শিশুদের চাচি রুমা আক্তার জানান, গত বুধবার ঈদের ছুটিতে ওই দুই শিশু মা তসলিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে তাদের নিয়ে মা তসলিমা পুকুরে গোসল করতে যান। শিশুরা পানিতে নেমে খেলছিল। এ সময় তাদের মা কাপড় কাচায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে দুই শিশু পুকুরের পানিতে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।
