গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ‘এলাকাবাসীর বাধায়’ বন্ধ হয়ে যাওয়া সেই নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় নাটকটি দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজার সংলগ্ন উদয়ন সংঘ মাঠে নাটক ‘আপন দুলাল’ মঞ্চায়িত হবার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, নাটকের আয়োজকেরা আমাকে কনফার্ম (নিশ্চিত) করেছেন কালকে (শনিবার) একই মাঠে তারা নাটক মঞ্চায়ন করবেন। এর আগে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন।
বৈঠকে শুক্রবার সন্ধ্যায় নাটকের আয়োজক শামসুল হক উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি 'আপন দুলাল' নামে একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছিলেন। এ ব্যাপারে কোনো মঞ্চ তৈরি করা হয়নি। নাটকের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকার কারণে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সুবিধাজনক সময়ে তা মঞ্চস্থ করার কথা ছিল।
বৈঠকের পর কাপাসিয়ার এসি ল্যান্ড নুরুল আমীন বলেন, আয়োজনকারীরা নাটকটি মঞ্চস্থ করবেন। তারা যদি নাটকটি করেন, তাদের সার্বিক সহযোগিতা করা হবে। অশ্লীল কোনো ছবি প্রদর্শন যেন না করতে পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকব।
তবে এর আগে স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, গত বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন এসে তাদের নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। পাশাপাশি চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথাও বলেন তারা। পরে নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায়।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। পুলিশের কর্মকর্তারা বলছেন, নাটকের মঞ্চায়ন বাতিল ‘ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে’ হয়েছে। বিএনপির স্থানীয় দুই পক্ষের ‘ভিন্ন মতের’ কারণে নাটকটি বন্ধ করা হয়েছিল।
কাপাসিয়া থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, মূলত আয়োজক কমিটির সদস্য দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতার সঙ্গে উপজেলা বিএনপির এক নেতার মত বিরোধের কারণে নাটক বন্ধ করার সিদ্ধান্ত হয়। অন্য কারণে তা বন্ধ হয়নি। স্থানীয় প্রশাসন মধ্যস্থতায় সমঝোতার পর নাটকটি শনিবার সকাল ১১টায় আগের স্থানেই প্রদর্শনের সিদ্ধান্ত হয়েছে।

