নৌকাডুবিতে নিখোঁজ স্বামী-স্ত্রী, ১৬ ঘন্টা পর মিললো মরদেহ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৮

পাবনার সুজানগরে উপজেলার সাতবারিয়ায় এলাকায় পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে  নৌ পুলিশ ও স্থানীয় জেলে। 

শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়, পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে সাতবারিয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। এক পর্যায়ে ঘুরতে যাওয়া ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন।

মাঝনদীতে হঠাৎ করে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে নদী পার হতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার থেকেই উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তাদের সন্ধান মেলেনি।

পরে শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হলে ১০টার দিকে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকমল হোসেন বলেন, মৌ আমাদের প্রাক্তন শিক্ষার্থী, এখান থেকে এইচএসসি শেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিল। অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মেয়েটি এভাবে চলে যাওয়ার খবরে আমরা খুবই মর্মাহত।

পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দে বলেন, জেলেদের সহায়তায় আমরা নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনুগ ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/এমএস