চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাস দুর্ঘটনায় গুরুতর আহত ছয় বছরের শিশু আরাধ্য বিশ্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। আজ শিশুটির পায়ের অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকরা।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসা চলছে তার।
আরাধ্যের সঙ্গে থাকা আত্মীয় অসিত কুমার বাড়ই বলেন, আগের চেয়ে আরাধ্যের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রোববার তার পায়ের সার্জারি হবে বলে জানিয়েছেন চিকিৎসক। আপাতত তাকে মুখে খাবার দেওয়া হচ্ছে না। সবাই আরাধ্যের জন্য আশীর্বাদ-দোয়া করবেন, যাতে সে সুস্থ হয়ে ওঠে।
বুধবার দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান আরাধ্যের বাবা পোশাক কারখানার কর্মকর্তা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মন্ডল। দুর্ঘটনায় বেঁচে যার মা-বাবার একমাত্র সন্তান আরাধ্য। তবে তার দুই পায়ের হাঁড় ভেঙে গেছে। মাথা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। রক্ত জমাটও বেঁধেছে নানা অংশে।
ঘটনার পর প্রথমে তাকে চমেক হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পরে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। মা-বাবা যে বেঁচে নেই তা এখনও জানে না এই শিশুটি। বৃহস্পতিবার মা-বাবার শেষকৃত্য সম্পন্ন হলেও শেষবারের মতো মা-বাবাকে দেখার সুযোগ হয়নি তার।
