বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমারে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:১৫

মিয়ানমারে ভূমিকম্পে দুর্গত এলাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় শনিবার (৫ এপ্রিল) মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয়। ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়। 

আজ রোববার সরকারি কিছু অফিসের বিল্ডিংয়ে ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি গতকাল ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যুব থিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞগণ কর্তৃক ১৫০ জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশ মেডিক্যাল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুই জন ক্যানসার রোগীর জটিল অস্ত্রোপচার অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। গতকাল পর্যন্ত সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ ২০২৫ থেকে মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে দুর্গত এলাকায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল সেখানে অবস্থান করছে।

ইত্তেফাক/টিএইচ