‘ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো’, প্রশ্ন সিয়ামের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:০৮

ফিলিস্তিনের গাজায় চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। অবরুদ্ধ ওই শহরে নির্বিচারে হামলা চালাচ্ছে আগ্রাসনবাদী রাষ্ট্রটি। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ-বাতাস।

আলজাজিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার চিত্র। ছবি: সংগৃহীত

এমন অবস্থায় গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে সর্বশ্রেণির মানুষদের। হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকেও। 

রোববার (৬ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনের পতাকা নকশায় ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা একটি পোশাকের ছবিসহ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো?’ 

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার চিত্র। ছবি: সংগৃহীত

সিয়াম আরও লিখেছেন, ‘ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরকেই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না?’ 

ফিলিস্তিনের পতাকা নকশায় ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পোশাকে সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

সবশেষ হতাশা প্রকাশ করে এই নায়ক লেখেন, ‘এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারন মানুষ, আমরা কেউ কি এড়াতে পারবো এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।’

বছর দুয়েক আগে ইসরায়েলের আগ্রাসন চলাকালে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন বিশ্বের বড় বড় তারকারা। সিয়ামও ছিলেন সে দলে। সেসময় একটি অনলাইন শপিংয়ের ক্যাম্পেইনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সিয়াম। তার পরনে ছিল সাদা রঙের একটি স্যুট। যার একপাশে ফিলিস্তিনের জাতীয় পতার রঙে এক উড়ন্ত পায়রার এমব্রয়ডারি ডিজাইনের নকশা লক্ষ্য করা গিয়েছিল। তার মাঝে লেখা- ‘ফ্রি প্যালেস্টাইন।’

এই ছবিটিই পোস্ট করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ছবি: সংগৃহীত

এদিকে, চিত্রনায়িকা তমা মির্জা গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত এর চিত্র!’

শুধু সিয়াম, তমাই নয় গাজাবাসীর জন্য ফেসবুকে আওয়াজ তুলেছেন শোবিজাঙ্গনের অনেক তারকাসহ দেশের সাধারণ মানুষেরাও।

ইত্তেফাক/এসএ