লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, আহত ছেলে-মেয়ে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:০২

লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার তিন ছেলে ও এক মেয়ে। 

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মামুন (২৫), ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)।     

আহত ভুলু জানান, চৌধুরীর চায়ের দোকানের সামনে স্থানীয় কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিমসহ বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি রাতভর আড্ডা ও নেশা করতেন। এ নিয়ে দু’দিন আগে তিনি অপরিচিতদের পরিচয় জানতে চাইলে অভিযুক্তদের সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। এরই জেরে সোমবার রাতে ভুলুর ভাই মামুন চা পান করতে গেলে দোকানি চৌধুরীর সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা মামুনকে মারধর করে। পরে খবর পেয়ে তিনি, তার বাবা নুরুল আমিন ও বোন আছমা এগিয়ে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। 

তিনি আরও বলেন, মারধরের ঘটনায় নুরুল আমিন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।   

আহত ভুলু জানান, মাদক ব্যবসা ও নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে তার বাবাকে হত্যা করেছে। 

এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাত দেড়টার দিকে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এএস/এএইচপি