ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চুরির ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:০০

সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় বেশ কিছু বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫টি বাড়িঘরে ভাঙচুর-লুটপাটসহ আগুন দেওয়া হয়। ছবি: ইত্তেফাক  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের বাসিন্দা শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে স্থানীয় বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। সোমবার রাতে এ নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে, আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। 

সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ছবি: ইত্তেফাক

স্থানীয়রা আরও জানায়, সংঘর্ষের সময় বৃষ্টির মত ছোড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর-লুটপাটসহ আগুন দেওয়া হয়। এ সময় ৩০ জন আহত হন।

সরাইল থানার উপ-পরিদর্শক এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চারজনকে আটক করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ইত্তেফাক/এসএএস