ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৯

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।

তিনি বলেন, ‘ইসরায়েল একটি অবৈধ দখলদার গোষ্ঠী। তারা কোনো রাষ্ট্র হতে পারে না। ফিলিস্তিনের জনগণকে বলপূর্বক উচ্ছেদ করে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। আসলে ঈসরায়েল পৃথিবীর মধ্যে একটা ক্যান্সার। ইসরায়েল বর্তমানে মানবতারিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করে যাচ্ছে। তারা বিশ্বের সবচেয়ে বড়ো সন্ত্রাসী গোষ্ঠী। আমরা যুদ্ধাপরাধী নেতানিয়াহুর বিচার চাই।’

সমাবেশে তিনি আরও বলেন, ‘তারা বোমা মেরে নারী ও শিশুসহ অসংখ্য ফিলিস্তিনকে হত্যা করেছে। বাড়িঘর, স্কুল, হাসপাতাল ধ্বংস করেছে। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। তারা শান্ত-চুক্তি ভঙ্গ করেছে। আমরা তাদের কার্যক্রমের নিন্দা জানাই। তাদের অপরাধের বিচার চাই।’

তিনি জানান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। ১৯৮০ সালে আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের বীর মুক্তিযোদ্ধাদের ছবি সম্বলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিলেন। বেগম খালেদা জিয়া সবসময়ই ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিয়েছেন। ইসরায়েলের আগ্রাসনের  বিপক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের পাসপোর্ট থেকে 'একসেপ্ট ইসরায়েল' শব্দটা তুলে দিয়েছিল। এই সমাবেশে এইচ এম আবু জাফর সেই 'একসেপ্ট ইসরায়েল' শব্দটা পাসপোর্টে ফিরিয়ে আনার দাবি জানায়। 

ইত্তেফাক/এএম