আরিচা ফেরি ঘাট নির্মাণে ৩৮০কোটি টাকার প্রকল্প গ্রহণ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৫

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শন করলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোরেড এম মাহবুব-উল ইসলাম। শুক্রবার সকালে তিনি প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট, এরপর রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট, দুপুরে আরিচা ও কাজিরহাট লঞ্চ ঘাটের বর্তমান সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বিআইডব্লিউটিএর চিপ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, পরিচালক বন্দর শফিউল হক, পরিচালক নৌ নিট্রা বিভাগ আবু জাফর হাওলাদার, পরিচালক নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ মো. শাজাহান হোসেন, ডিপুটি চিপ ইঞ্জিনিয়ার সাইদুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠানসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পানি বাড়ার কারণে ফেরি ঘাটগুলো শিফট করতে হয়েছিল। এখন সব ঘাটগুলো ঠিক আছে। আমাদের বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এখনও করে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন: সেফটি ট্যাংকে প্রতিবেশীকে উদ্ধার করতে গিয়ে যুবকের মৃত্যু

আরিচায় ফেরি ঘাট চালুর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বললেন, আরিচা ফেরি ঘাট নির্মাণের জন্য ৩৮০কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে। এটি অনুমোদন হলেই আমরা কাজ শুরু করবো। 

ইত্তেফাক/আরকেজি