কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। এ দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক ও তার হেলপারকে মারধর করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি একই এলাকার মৃত মফেজ মণ্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকে চালক ও তার হেলপারকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুনবী বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগীকে মারধর করেছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা দুজন পুলিশের হেফাজতে আছেন। ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
