গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৪

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালিত একটি অটোরিকশা খাদে পড়ে রুমা আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১৬ এপ্রিল) ভোরে কাপাসিয়া-টোক সড়কের বড়হর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি গাজীপুর থেকে পাকুন্দিয়া যাচ্ছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রুমা আক্তার। এসময় অটোরিকশা চালকসহ আরও দুজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি