বন্যা: মেলান্দহে অর্ধশতাধিক ঘর ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৯:৪৪

জামালপুরের মেলান্দহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।উপজেলার বন্যাকবলিত দুরমুঠ ইউনিয়নের চরহাতিজা গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি ব্রহ্মপুত্র নদে গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের ফলে এই এলাকার দু’শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানায়, বন্যায় খাদ্য-পানীয় এবং আবাসন সংকটে নারী ও শিশুদের নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে তারা। খাদ্যের অভাবে শিশু-গবাদি পশুরাও কষ্ট পাচ্ছে। সব মিলে বিপাকে পড়েছে এখানকার মানুষ। নদী ভাঙনের সময় তারা কিছুই রক্ষা করতে পারেনি।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

তারা আরো জানায়, বসত বাড়ি ছাড়াও ফলের বাগান, ফসলি মাঠ, গাছপালা মুহূর্তেই নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনের সময় একজন পানির স্রোতে ভাসিয়ে যায়। নয়দিন পর তার লাশ পাওয়া গেছে।

মেলান্দহে বন্যায় প্রধান প্রধান সড়কগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জেলা সদরসহ পাশের উপজেলার সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। দুরমুঠ, কুলিয়া, কাঙ্গালকুর্শা, রোকনাই এলাকায় রেললাইন তলিয়ে গেছে। ফলে রেল যোগাযোগ বন্ধ আছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামিম আল ইয়ামীন জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মির্জা আজম নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। নদী ভাঙন-বানভাসিদের মাঝে কিছু ত্রাণও বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ত্রাণ হিসাবে লক্ষাধিক টাকা এবং ৬৫ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

ইত্তেফাক/এমআরএম