রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ও নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন মামলার এজাহারনামার আসামি বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগের বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) এবং ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।
ডিবি সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে মো: বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্ৰেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম । একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেরাইদ এলাকা থেকে মোঃ মহিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম ।
ডিবি সূত্র আরও জানায়, একইদিন বিকেল ৩টার দিকে রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। রাত ১১টার দিকে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহম্মেদকে গ্রেপ্তার করে।
অন্যদিকে রোববার রাত আনুমানিক ১০টার দিকে মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে এবং রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরপুল হতে মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম।
একই দিন রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে কাজী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ইসমাইল হোসেন গতকাল ২০ এপ্রিল ২০২৫ তারিখ যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, রোববার দিবাগত রাত পৌনে দুইটায় দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং রাত পৌনে তিনটার দিকে আদাবরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ কর্মী মো। মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেফতার করে ডিবি-সাইবারের পৃথক টিম।
ডিএমপির গোয়েন্দা বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় করা মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
