আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ ও ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
সকালে কারাগার থেকে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার দিকে আদালতে তোলা হলে শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক।
এছাড়া, মিরপুর থানার পৃথক দুটি হত্যা মামলায় তুরিন আফরোজ ও কামাল আহমেদ মজুমদারকে এবং শেরেবাংলা নগর থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে।
এর আগে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন সময় এদের গ্রেপ্তার করা হয়। ১৩ আগস্ট আনিসুল হক গ্রেপ্তার হন, পরে একে একে বাকিরাও আটক হন।
জানা গেছে, এসব ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।
