প্রোগ্রামিংয়ে মেয়েরা এগিয়ে এলে আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে: মোস্তাফা জব্বার

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৫:৫৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, 'প্রোগ্রামিংয়ে মেয়েরা আরও বেশি এগিয়ে এলে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী প্রজন্ম সক্ষমতা অর্জন করবে এবং ও সমৃদ্ধ হবে।' শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এসিএম 'ইন্টারন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০১৯' প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'মেয়েরা প্রোগ্রামিংয়ে কম, তবে তাদের প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়ছে, বর্তমান সরকার তা সম্প্রসারিত করতে চায়। প্রোগ্রামিং কঠিন কোন কাজ নয়। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার জন্য প্রোগ্রামিং প্রয়োজন। দেশে প্রোগ্রামিং উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার যাত্রা আমরা শুরু করেছি। কম্পিউটার প্রোগ্রামিং একটি সৃজনশীল কাজ।ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবসহ রোবটিক, আইওটি, বিগডাটা কিংবা ব্লক-চেইনের মত প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রোগ্রামিং কার্যকর একটি হাতিয়ার।'

দেশে নারী শিক্ষার অগ্রগতি চিত্র তুলে ধরে তিনি বলেন, 'নারী শিক্ষা বিস্তারে এবং নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মোট শিক্ষার্থীর শতকরা ৫৩ ভাগ নারী।ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি তথা তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিকাশে গত দশ বছরে বাংলাদেশের সফলতা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।'

আরও পড়ুন:  প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে: ওবায়দুল কাদের

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আতিকুল ইসলাম, প্রো-ভিসি জিইউ আহসান এবং সহযোগী অধ্যাপক ডা: সাজ্জাত হোসেন বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইত্তেফাক/জেডএইচডি