পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৬:৫২

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে শামীম মিয়া (২৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার রাজার বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকের হেলপার তারেক নামের এক ব্যক্তিকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটার দিকে শামীম তার ভাতিজাকে স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জারিয়া গামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয় ও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যায়।

আরও পড়ুন:  বিয়ে না করেই তৃতীয় সন্তানের বাবা হলেন অর্জুন

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাকের হেলপারকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। 

ইত্তেফাক/জেডএইচডি