পাবনার চাটমোহরে এক নববধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে এই রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে আজিমা খাতুনের (১৯) মৃত্যু হয়। শুক্রবার তার লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, নিহত নববধূ হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামের শাহীন হোসেনের স্ত্রী। আজিমার বাবার দাবি, যৌতুকের জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শাহীনের পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছেন।
আজিমার বাবা আজাহার আলী জানান, তিনি দেখেন মেয়ের লাশ শাহীনের ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এর আগে তিনি খবর পেয়েছিলেন, মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোবাইল ফোনের মাধ্যমে তার শ্বশুর বাড়ি থেকে এ খবর জানানো হয়। তিন মাস আগে আজিমার বিয়ে হয়েছিল। বিয়ের সময় যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কার দেওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে দিতে পারেননি। আজাহার আলীর বাড়ি একই উপজেলার ছয়ঘাটি গ্রামে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে শ্রেণিকক্ষ মেরামত ও বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন
চাটমোহর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
