বাফুফের কাঠগড়ায় কোচ কাবরেরা 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:১৬

এশিয়ান কাপে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। ম্যাচটি জেতার মতো যথেষ্ট সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যাচ জিততে না পারাটা ছিল ব্যর্থতা। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং সহকারী কোচ হাসান আল মামুনকে আমন্ত্রণ করে ডাকা হয়েছিল। 

সেখানে কোচকে ভারত-বাংলাদেশ ম্যাচের বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল। ব্যর্থতা নিয়ে কথা উঠেছিল। তার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল বলে সভা শেষে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু। ম্যানেজার আমের খানের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আরও খেলাখুলিভাবে আলোচনা হবে বলে জানান বাবু। 

আগামী ১০ জুন দ্বিতীয় ম্যাচ ঢাকায়, সিংগাপুরের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে কী পরিকল্পনা করছেন কোচ, সেটিও জানতে চাওয়া হয়। ইতালির চতুর্থ বিভাগে খেলা ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে নেওয়া যায় কি না, বাফুফে মত দিয়েছে। কোচ সভায় কী জানিয়েছেন? বাবু বলেন, 'ফাহমিদুলকে নেওয়ার ব্যাপারে কোচ পজিটিভ। কোচ জানিয়েছেন ফাহমিদুল ইয়াং ফুটবলার।' 

ফাহমিদুল ইস্যুতে বাফুফের আরেক সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, কোচ নাকি বলেছেন ফাহমিদুল খেলতে পারে, তাকে ডাকা হতে পারে। সে অনূর্ধ্ব-২৩ দলেও খেলতে পারবে, সুযোগ আছে। ইকবাল জানিয়েছেন, ৩১ এপ্রিল ন্যাশনাল টিম কল করা হবে। সেখানে ফাহমিদুলকে ডাকা হবে।' 

ফাহমিদুলকে সিংগাপুরের বিপক্ষে ডাকা হবে কি না, সেটা আদৌ পরিষ্কার নয়। যারা সভায় কথা বলেছেন, তারা নিজে সামনে না এসে আমিরুল ইসলাম বাবুকে সংবাদমাধ্যমে কথা বলতে পাঠিয়েছেন, কিন্তু তিনি পরিষ্কার করে বলতে পারেননি। তার কথায় মনে হয়েছে, বাফুফে ফাহমিদুলকে জাতীয় দলে ডাকতে বলেছে। প্রশ্ন উঠছে, বাফুফে এমন কথা বলে বিতর্কে জড়াবেন কেন। বিষয়টি নির্ভর করছে কোচের ওপর। 

জাতীয় দলে বসুন্ধরা কিংসের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন একই সঙ্গে জাতীয় দলেও রয়েছেন। দেশে এত ভালো ভালো গোলরক্ষক কোচ থাকার পরও তারা কাজ করার সুযোগ পান না। অথচ ক্লাবের কোচ এসে জাতীয় দলেও চাকরি করছেন। একাধিক প্রতিষ্ঠানে কাজ করেন বলে বাফুফে সূত্রে জানা গেছে। কিন্তু কেন? গতকাল এটি নিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বিদেশি কোচ খোঁজা হবে। ১০ জুনের ম্যাচের আগে ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ হবে ঢাকায়। ভুটান, সুদানসহ তিনটি দেশের সঙ্গে কথা হচ্ছে। সুদান এগিয়ে রয়েছে বলে জানা মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু।

ইত্তেফাক/জেডএইচ