টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়েছে। দুর্ঘটনায় রমেচা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমেচা বেগম উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর নামাজ শেষে রমেচা বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে যান। এরমধ্যে হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার ঘরে উঠে পড়ে। এসময় ট্রাক উল্টে রমেচার মৃত্যু হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরে উপর উঠে যায়। দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে।
