চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জামালপুরের বিভিন্ন কেন্দ্রে মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৭টি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট জানায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জেলার বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন, ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র থেকে ৪ জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও ৫ জন সহকারী শিক্ষক অব্যাহতি, মাদারগঞ্জ উপজেলার ৪টি পরীক্ষাকেন্দ্র থেকে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির ও ৪ নম্বর চর হাই স্কুল অ্যান্ড কলেজের মো. রুহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। এছাড়াও মাদারগঞ্জে আব্দুর রহমান, নাসরিন ও মাফিজুর রহমান নামে আরও তিনজন সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
