গাইবান্ধায় আলোচিত আনিস হত্যার ঘটনায় ১ জন আটক 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা আনিস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার সন্ধ্যায় আরিফ মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে র‍্যাব ।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা শহরের পৌরপার্ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। 

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র থানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা শহরের পৌরপার্ক থেকে তাকে আটক করা হয়। 

রাত আটটায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন, আনিস হত্যা মামলায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে আনিস মিয়া (৩৭)। তিনি প্রায় ১৫ বছর ধরে গাইবান্ধা শহরে পত্রিকা ফেরি করে বিক্রি করেন। পত্রিকা বিক্রির পর প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালান। 

বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে। সেখানে যাওয়ার পর ওইসব দুর্বৃত্তরা আনিসকে ছুড়িকাঘাত করে হত্যার পর অটোবাইক পালিয়ে যায়। 

এই ঘটনায় শুক্রবার রাতে নিহত আনিস মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

ইত্তেফাক/এএইচপি