বাড়িতে ঢুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার লুট

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০১

চুয়াডাঙ্গায় বাড়িতে ঢুকে এক স্কুল শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার মোমিনপুর গ্রামে রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগী তসলিমা খানম (৫৯) নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি মোমিনপুর গ্রামের মৃত আশির উদ্দিনের স্ত্রী।

তসলিমা খানমের ছেলে তাসলিম আলম জানান, ‘আমার মা সন্ধ্যার পর বাড়িতে একা ছিলেন। দরজা খোলা রেখে স্কুলের কাজ করছিলেন। হঠাৎ প্রাচীর টপকে মুখে গামছা বাঁধা এক ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করে। এরপর মারধর করে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নেয়। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। আমরা রাতেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। তিনি বাড়িতে একা ছিলেন এবং বারান্দার গেট খোলা রেখে কাজ করছিলেন। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে তার গলার স্বর্ণের চেন নিয়ে যায় বলে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে একটি গামছা ও স্যান্ডেল জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ধারণা করা হচ্ছে, হামলাকারী নেশাগ্রস্ত ছিলেন।

ইত্তেফাক/এনএন