কক্সবাজার জেলা সদর হাসপাতালের নতুনভাবে সংস্কারকৃত জরুরি বিভাগ উদ্বোধন হয়েছে আজ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) কক্সবাজার জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগকে নতুনভাবে সংস্কার কাজের অর্থায়ন ও বাস্তবায়ন করেছে।
জরুরি বিভাগকে নতুনভাবে সংস্কারের অংশ হিসেবে আইসিআরসি অবকাঠামো পুনর্বাসন, আসবাবপত্র, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সহায়তা হিসেবে দিয়েছে আইসিআরসি। পাশাপাশি জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের বিশেষজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন যেন রোগীরা সর্বোচ্চ সেবা পেতে পারে। এ ছাড়াও যেকোনো মানব সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগে কারণে যদি ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটলে সেক্ষেত্রে রেফারেল সিস্টেম ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কাজ করবে আইসিআরসি।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিআরসি কক্সবাজার অফিসের প্রধান সাবরিনা ডিনংক বলেন, ‘এটা শুধু আন্তর্জাতিক মানের বিষয় নয়, এটি জীবন বাঁচানোর জন্য। যদি রোগীদেরকে সঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায় তাহলে তাদের বাঁচানোর হার অনেক বেশি বাড়ানো সম্ভব। এজন্য জরুরি বিভাগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সবার মানা উচিত, যেমন, গুরুতর অসুস্থ রোগীদের সবার আগে চিকিৎসা দেওয়া এবং রোগীদের সাথে পরিবারের একজনের বেশি সদস্য না থাকা তখনই জরুরি বিভাগে কর্তব্যরত স্বাস্থ্য সেবাকর্মীরা রোগীদের ভালোভাবে সেবা দিতে পারবেন।’
আরও পড়ুন : কলম্বোতে পৌঁছেছে টাইগাররা
উল্লেখ্য, কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগকে সহায়তা দিতে ২০১৮ সালের ১২ আগস্ট, আইসিআরসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তিন বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলিগেশন জেরার্ড পেট্রিগনেট, কক্সবাজার সদর হাসপাতালের তত্তবধায়ক ডা. মহিউদ্দিন, আইসিআরসি কক্সবাজার অফিসের হসপিটাল প্রজেক্ট ম্যানেজার রিচার্ড উইলিয়ম কুকসহ আইসিআরসি এবং সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা জনগোষ্ঠীর কারণে উখিয়া ও টেকনাফে স্বাস্থ্য সেবার উপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে সেটি মোকাবেলায় আইসিআরসি ও বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সাথে নিয়ে বিভিন্ন ক্যাম্প ও সীমান্ত এলাকা যেমন, তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ এ সেবা পেয়েছেন। পাশাপাশি ২০১৪ সাল থেকে আইসিআরসি ও বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) উখিয়া ও টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য সহায়তা দিয়ে আসছে।
ইত্তেফাক/কেআই
