সড়কের পাশে সারি সারি মরা গাছ, বাড়ছে দুর্ঘটনা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ডিসি সড়কের বিভিন্ন স্থানে শতাধিক মরা গাছ বছরের পর বছর ধরে দাড়িয়ে রয়েছে। সামান্য বাতাসে এসব গাছের ডালপালা ভেঙে পড়ছে সড়কে। এতে আহত হচ্ছেন পথচারী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলরত যানবাহন। 

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধান করে এই সড়ক। গাছ অপসারণে বিভিন্ন সময় স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে আবেদন জানিয়ে এলেও তাতে কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন, রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট টু ঘাটচেক ডিসি সড়কের ফুলবাগিচা গ্রাম হতে সাতঘরিয়া পাড়া পর্যন্ত দুই পাশে অসংখ্য মরা গাছের সারি সবার চোখে পড়লেও- তা দেখছেন না সংশ্লিষ্টরা। গাছগুলো অনেকদিন ধরে এভাবে দাঁড়িয়ে আছ, দেখার কেউ নেই। মরা গাছগুলোর ডাল-পালা প্রায় সময় ভেঙ্গে পড়ছে রাস্তায়।

পারুয়া এলাকার বাসিন্দা মো. রাসেল বলেন, মরা গাছ ভেঙে পড়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম বলেন, বন বিভাগের অনুমতি সাপেক্ষে সড়কের মরাগাছ অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি