গাজীপুরে মেলার নামে জুয়ার আসর, বন্ধ করল পুলিশ

আপডেট : ০২ মে ২০২৫, ১৬:০১

গাজীপুরের কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়ার আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’

 

ইত্তেফাক/এসএএস