লিবিয়ার উপকূলে ভেসে এলো ৬ অভিবাসীর মৃতদেহ

আপডেট : ০২ মে ২০২৫, ১৯:৩৬

লিবিয়ার মিসরাতা শহরের কাছে উপকূলে ভেসে আসা অন্তত ৬ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে ন্যাটোর সহায়তায় এক বিদ্রোহে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতের পর দেশটি সংঘাত ও দারিদ্র্য কবলিত হয়ে পড়েছে। ফলে দেশটির ওপর দিয়ে ভূমধ্যসাগর পেরিয়ে বিপজ্জনক পথ ধরে অভিবাসীরা প্রায়শই ইউরোপের পথে পাড়ি জমায়।

মিসরাতার শহরের রেড ক্রিসেন্ট শাখার উদ্ধার বিভাগের প্রধান মাখলুফ করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চারটি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

করিম বলেন, আরও মৃতদেহ তীরে ভেসে আসতে পারে, তাই মিসরাতার কাছে উপকূলে এখনো টহল দেওয়া হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের দুটি ভিন্ন স্থানে গণকবর থেকে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করে। দেশটির তেল-ভিত্তিক অর্থনীতিও কাজ খুঁজতে আসা অভিবাসীদের জন্য একটি আকর্ষণ।

ইত্তেফাক/এসকে