মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিগারেটের আগুনে পুড়ে দরছ মিয়া (৬৫) নামের এক প্যারালাইজড কাতার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারস্থ তাঁর নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।
নিহত দরছ মিয়া দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি বিছানায় শুয়ে ধূমপান করার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দরছ মিয়াকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন ওই রুমের বিছানা পুড়ে ছাই হয়ে গেছে। লাশ হাসপাতালে থাকায় তার শরীর পুড়েছে কিনা বলতে পারেন নি তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।
