হোয়াইট হাউজে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) ভবিষ্যৎ নিয়ে আলাপের এক পর্যায়ে নিজের সঙ্গে গৌতম বুদ্ধের তুলনা টেনেছেন ধনকুবের ইলন মাস্ক। খবর রয়টার্সের।
কাছাকাছি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কৌতুক করে নিজেকে পরবর্তী পোপ পদে দেখতে চেয়েছেন। তবে মাস্ক মজা করেননি, তিনি বোঝাতে চেয়েছেন, ডিওজিই তাকে ছাড়াও খারাপ চলবে না।
বৌদ্ধ ধর্মের জন্য বুদ্ধের উপস্থিতির আর প্রয়োজনীয়তা আছে?, বুধবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের রুজভেল্ট কক্ষে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি পালটা এ প্রশ্ন ছুড়ে দেন বলে জানিয়েছে সিএনএন।
চলতি মাস থেকেই মাস্ক ডিওজিই-তে থাকছেন না বলে বেশকিছু খবর বেরিয়েছে। তাকে ছাড়া সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বানানো এই বিভাগটি কেমনে চলবে, তা নিয়ে অনেকের কৌতূহল আছে। যদিও টেসলাপ্রধান আশাবাদী, তার ধারণা এটি বেশ ভালোভাবেই তার দায়িত্ব পালন করে যাবে।
'বুদ্ধ চলে যাওয়ার পরই কি ধর্মটি আরো শক্তিশালী হয়নি?' বলেছেন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সরকারি ব্যয় ও প্রশাসনের কর্মীবহর ছোট করে ডিওজিই বানিয়ে তার দায়িত্ব দেন ঘনিষ্ঠ সহযোগী মাস্ককে। গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাই, নানান প্রকল্প বন্ধ বা স্থগিত করে দিয়ে ডিওজিই যুক্তরাষ্ট্র জুড়ে হুলুস্থুল লাগিয়ে দিয়েছে। মাস্কের ক্ষমতা, তার সঙ্গে ট্রাম্প মন্ত্রিসভার বেশ কয়েক জনের দ্বন্দ্বের খবরও গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তবে ট্রাম্প সবসময় মাস্ককে আগলে রেখেছেন এবং তার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

