এনসিপির সমাবেশে অর্ধেক লোক ছিল ভাড়া করা: যুবদল সভাপতি

আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের সমাবেশে অর্ধেক লোক ভাড়া করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (৩ মে) দুপুরে নগরীর একটি হোটেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, এনসিপির শুক্রবারের সমাবেশ আপনারা দেখেছেন। ওই সমাবেশে সবমিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছে। এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্রমহিলা। তারা যে নিজেদেরকে এত মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করেন, তাদের সমাবেশ দেখে কী তারুণ্যদীপ্ত মনে হয়েছে?

মোনায়েম মুন্না বলেন, রেলওয়ের সংস্কারে ৩ জন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। তারা প্রতিনিধি হওয়ার পর থেকে বন্ধুবান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে। তারা একটা পিকনিকের আমেজে আছে।

তিনি বলেন, ‘একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী ছিল এখন তারা অনেক ধরনের আস্ফালন করছে। কাউকে ক্ষমা করছে, কাউকে বুকে টেনে নিচ্ছে, সকালে একটা বলছে, বিকেলে আরেকটা বলছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে। অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে এই দেশের ভালো-মন্দ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া-এটা ভালোভাবেই বিএনপি করতে পারবে। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে।’

ইত্তেফাক/এমএএস