বেশিরভাগ তারকাকে বেঞ্চে রেখে খেলতে নেমেছিল বার্সেলোনা। রিয়াল ভায়াদোলিদের কাছে গোল খেয়ে শুরুতেই পিছিয়ে পড়ে কাতালানরা। দ্বিতীয়ার্ধে কয়েকটি বদলি করান কোচ হ্যান্সি ফ্লিক। এরপরই ছন্দ খুঁজে পায় বার্সা। রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে শিরোপা পথে আরেক ধাপ এগোলো কাতালানরা।
শনিবার (৩ মে) ভায়াদোলিদের হোসে জোরিয়া স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৬ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। ইভান সানচেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর একের পর এক আক্রমণ করে কাতালানরা। তবে বারবার প্রতিপক্ষ রক্ষণ থেকে হতাশা নিয়ে ফেরে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে কয়েকজনকে বদলি নামান ফ্লিক। ম্যাচের ৫৪ মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে আরাউহো মাথা ছোঁয়াতে পারেননি। সেখান থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন রাফিনিয়া। তার গোলেই ম্যাচে সমতায় ফেরে বার্সা।
এরপর ম্যাচের ৬০ মিনিটে মার্টিনের বাড়ানো বল ধরে লোপেজে দূরের পোস্টে শট নেন। যা ভায়াদোলিদ গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে ঠিকানা খুঁজে নেয় জালে। এগিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৩৪ ম্যাচে পেল ৭৯ পয়েন্ট। রিয়ালের চেয়ে তাদের ব্যবধান বাড়ল ৭–এ। এক ম্যাচ কম খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৭২।
