নরসিংদীর শিবপুরের বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজের মাকে দরজার হাতলে বেধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান মাদকের টাকা না পেয়ে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে।
শনিবার (৩ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নুরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, জাবের হোসেন একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করছিলো ছেলে জাবের হোসেন। পুলিশ নিহতের শরীর ও মাথায় জখমের চিহ্ন পেয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।
