ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ঈশ্বরদীতে স্বজনদের বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০১:৪৪

ঈশ্বরদীর আরামবাড়িয়াস্থ সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ভুল চিকিৎসায় মিশকাত হোসেন (১ মাস ২৫ দিন) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্বজনরা চিকিৎসকের শাস্তি দাবি করে শ্লোগান দেন। অভিযুক্ত উপ-সহকারী পালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, পার্শ্ববর্তী লালপুরের এবি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের সজিব আলীর ছেলে মিশকাত হোসেনকে ৫ দিন আগে আরামবাড়িয়া বাজারের একটি ঔষধের দোকানে চিকিৎসা দেন সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক ইকবাল হোসেন। 

তিনি বলেন, মিশকাতের প্রসাবের সমস্যা রয়েছে। তাকে সুন্নত (মুসলমানি) দিতে হবে। চিকিৎসক ইকবালের দেয়া সময় অনুযায়ী আজ শনিবার বিকেলে মিশকাতকে সুন্নত দেয়ার জন্য আনা হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সেখানে সুন্নত দেয়ার পর শিশুটির মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়ে যায় ইকবাল। পরে স্বজনরা বিক্ষোভ শুরু করলে ঈশ্বরদী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই কেন্দ্রে কোন টাকা নেয়ার নিয়ম না থাকলেও ১৫০০ টাকা চুক্তিতে ইকবাল এ কাজ করে। 

খবর পেয়ে ছুটে আসেন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার। দুই চেয়ারম্যান ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার স্বজনদের নিয়ে আলোচনায় বসেন। পরে মিশকাতের মরদেহ ঈশ্বরদী থানায় আনা হয়।

পুলিশ কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, পরিবেশ এখন নিয়ন্ত্রণে রয়েছে। মিশকাতের মরদেহ ঈশ্বরদী থানায় আনা হয়েছে। মিশকাতের বাবা ট্রাক চালক, সে এখন নরসিংদীতে রয়েছেন। তিনি এলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ইত্তেফাক/এমআই