খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:৫৮

খুলনায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মনিরা বেগম (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা নগরীর শিরোমনি পূর্বপাড়া এলাকার খান নোয়াব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মনিরা বেগম গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা খুলনা-যশোর মহাসড়কের মীর বাড়ি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা খুলনা থেকে যশোরের দিকে যাওয়া সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস আটক করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সাভারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

নিহতের বড় ভাবি জাহানারা বেগম বলেন, মনিরার চারটি ছেলে-মেয়ে রয়েছে। তারা কেউই আয় করে না। মনিরার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে থাকতো। গরু দেখাশোনা করতো। সকালে ভাত খেয়ে গরুর জন্য ঘাস কাটতে গেছিলো। ঘাস নিয়ে আসার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস মনিরা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম