চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে অনুপ্রবেশকালে বিজিবি ১৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। আটককৃতরা অবৈধ পথে ভারতে গমনের পর রোববার (১১ মে) ভোরে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলো।
আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে একদল মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে গোপন এ সংবাদ পায় জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি। সংবাদের ভিত্তিতে ক্যাম্পের হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে হরিপুরগামী রাস্তার পাশে ওঁৎ পেতে বসে থাকেন। ভোর ৫টার দিকে ভারত থেকে অবৈধ পথে অনুপ্রবেশকালে বিজিবি ৯জন পুরুষ, ৩জন নারী ও ২জন শিশুকে আটক করে। আটককৃত সকলেই বাংলাদেশি। তারা গত ৬মাস পূর্বে চিকিৎসাসহ বিভিন্ন কাজে অবৈধ পথে ভারতে গিয়েছিলো।
আটককৃতরা হচ্ছেন- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে হাসান কাজী (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (৩৬), দুই ছেলে সালমান কাজী (১৪) ও শাকিব কাজী (১২), যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সীর ছেলে ইউনূছ আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চাঁন মিয়ার ছেলে হোসেন আলী (৪৯), একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৮), শাঁখারিপোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৬), ধাণ্যখোলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল হোসেন (১৮), বাঘারপাড়া উপজেলার কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের মেয়ে মোছা. আদরী (২৭), যশোর কোতয়ালী থানার চাঁচড়ার তবিবুর রহমানের ছেলে জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর গ্রামের মো. ইলিয়াস (৩৭) ও খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার হাতির খোদা গ্রামের আব্দু রাজ্জাকের ছেলে ইউসুফ নবী (২৬)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ১৪জন বাংলাদেশি আটকের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
