ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা রোববার (১১ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতির বিষয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রাহুল চিঠিতে উল্লেখ করেছেন, পহেলগাম আক্রমণ, অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় প্রধানমন্ত্রী, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধী দলের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি।
রাহুল গান্ধী আরও বলেছেন, এসব নিয়ে আলোচনা 'ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদের সম্মিলিত সংকল্প প্রদর্শনের একটি সুযোগও হবে'। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনি এই দাবিটি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেও আলাদাভাবে চিঠি দিয়ে একই দাবি উত্থাপন করেছেন। তিনি 'পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে' সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য ২৮ এপ্রিল তারিখের একটি চিঠির উদ্ধৃতি দেন।
মল্লিকার্জুন খাড়গে চিঠিতে লিখেছেন, সর্বশেষ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, লোকসভার বিরোধী দলনেতা ইতোমধ্যেই আপনাকে আবার চিঠি লিখে পেহেলগাম সন্ত্রাস, অপারেশন সিন্দুর এবং 'প্রথমে ওয়াশিংটন ডিসি ও পরে ভারত ও পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা' নিয়ে আলোচনা করার জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য সমস্ত বিরোধী দলের সর্বসম্মত অনুরোধ জানিয়েছেন। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা হিসেবে আমি এই অনুরোধের সমর্থনে লিখছি। আমার বিশ্বাস আপনি একমত হবেন।
