কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত পাঁচ হাজার রোহিঙ্গার জন্য চীন সরকার উপহার সামগ্রী পাঠিয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে কক্সবাজারের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এসব উপহার এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।
বাংলাদেশে নিযুক্ত চায়না অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন উপহার সামগ্রীগুলো রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ‘চীন এখনো বাংলাদেশের সঙ্গে, মানবিক সহায়তাকারী সংস্থা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতেও প্রস্তুত চীন। এছাড়াও, রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে ও তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।’
লিউ ইউয়িন বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট রয়েছে গত ৫০ বছর ধরে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ছিল। দুই দেশ সব সময় রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একে অপরকে বুঝেছে ও সমর্থন করেছে। উপস্থিত ও অনুপস্থিত যারা এই প্রকল্পে কঠোর পরিশ্রম করেছেন, আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সবাইকে। আপনাদের এই নিষ্ঠা সত্যিকারের মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।
এদিকে, রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পাঁচ হাজার রোহিঙ্গার জন্য চীন সরকার উপহার সামগ্রী পাঠিয়েছে। ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং চার হাজার শিশু এসব সামগ্রী পাবে। সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, সেন্ডেল, থামি, থ্রি পিস, ওড়নাসহ নানা ধরণের পোশাক এই উপহার সামগ্রীগুলোর মধ্যে রয়েছে। রোহিঙ্গাদের মাঝে আগামী কয়েক দিনের মধ্যে এগুলো বিতরণ করা হবে।
রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চায়না অ্যাম্বাসি ও রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

