যখন সুযোগ পাবো তখনই নির্বাচন করবো: শাজাহান খান

আপডেট : ১৪ মে ২০২৫, ১৩:৩১

নির্বাচনের সুযোগ পেলেই অংশ নেবেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান। বুধবার (১৪ মে) গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন।

শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ‘ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’

এ সময় এক সাংবাদিক শাজাহান খানকে লক্ষ্য করে বলেন, ‘দল তো নিষিদ্ধ (কার্যক্রম) হয়ে গেলো নির্বাচন করবেন কীভাবে?’ জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।’ 

এরপর ধীরে ধীরে তাকে আদালত প্রাঙ্গণের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

ইত্তেফাক/এনএন