বরিশালে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৩৪

বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট থেকে কানাইপুরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। এতে একাত্ততা জানিয়ে অংশগ্রহণ করেছে এলাকাবাসীও।

রবিবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সহকারী শিক্ষক নিজামউদ্দিন এবং শাহজাহান সরদারসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সদর উপজেলার চরামদ্দি, টুঙ্গিবাড়ীয়া এবং চাঁদপুরা ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ সাহেবেরহাট থেকে কানাইপুরা সড়ক। এছাড়া আশপাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বহু সংখ্যক শিক্ষার্থী এই সড়ক দিয়ে চলাচল করে।


এলাকাবাসীর মানববন্ধন। ছবি: সংগৃহীত

বক্তারা আরো বলেন, এলজিইডি গত ১৫ বছর আগে এই গ্রামীণ সড়কটি নির্মাণ করে। এরপর থেকে কোনও ধরনের সংস্কার না হওয়ায় ৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে।

অত্র ইউনিয়নের তরুণ প্রজন্মের ফেসবুক গ্রুপ হচ্ছে ‘টুংগীবাড়ীয়া ইউনিয়ন-অভিযোগ ও পরামর্শ’। এই গ্রুপে সড়কের সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে পোস্ট দেওয়া হয়েছিল। গ্রুপের সদস্যরা জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই সড়কের কাজ শুরু না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা।

ইত্তেফাক/জেডএইচ