চোরাই মাল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবক খুন

আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:৩৫

নারায়ণগঞ্জে চোরাই মালামাল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. শাহাদাৎ (৩৮) নামে এক যুবক নিজের সহযোগীদের ছুরিকাঘাতে খুন হয়েছে। বুধবার (১৪ মে) দিবাগত রাতে শহরের জিমখানা পার্কের গেটে ঐ ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ শহরের নতুন জিমখানা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক বিক্রিসহ অন্যান্য অভিযোগে সদর মডেল থানায় ৮টি মামলা রয়েছে।

ওই ঘটনায় নিহতের দুই সহযোগী ফাহিম ও ভেলকি নামে দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, বুধবার মধ্যরাতে জিমাখানা পার্ক গেটের সামনে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঐ সময় তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারই সহযোগীরা। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে লোহা চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

ইত্তেফাক/এএইচপি