উখিয়ায় জ্বালানি কাঠ, করাত-কলসহ ইঞ্জিন জব্দ

আপডেট : ১৫ মে ২০২৫, ২০:৩০

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানিকাঠ-সমিল-ইঞ্জিন উদ্ধার করেছে বন বিভাগ। এসময় কাউকে আটক পারেনি তারা। এ সময় ৪টি করাত কল ৩টি ইঞ্জিন ও ২২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করতে সক্ষম হয়। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিনঘন্টা ব্যাপী এ অভিযান চালানো হয়। 

জানা যায়, উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের থাইংখালী বাজার সংলগ্ন ১টি, পালংখালী বাজার সংলগ্ন ১টি, মোছড়খোলা বিটের হোয়াইকং ব্রিজ সংলগ্ন ১টি, পালংখালী বাজার সংলগ্ন ১টি সহ চারটি করাত কল জব্দ করা হয়।

এছাড়াও ভালুকিয়া বিটের রত্নাপালং এলাকায় আদালত এর একটি রায়কে অমান্য করে একটি করাত কল চালিয়ে আসছিল দীর্ঘদিন।ইতিপূর্বে উখিয়া বনবিভাগ একটি নোটিশ প্রদান করেছিল। নোটিশের যথাযথ উত্তর না দিতে পারার কারনে ওই মিলটি খুলে ফেলতে বাধ্য করেন উখিয়া বনবিভাগ। পার্শ্ববর্তী ঝাউতলা সংলগ্ন অপর একটি মিলও খুলে রেখেছে মিল কর্তৃপক্ষ।

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।

এ ব্যাপারে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে করত-কল (লাইসেন্স) বিধিমালা ২০১২এর বিধি ৩,৭(১)(খ)ধারায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আবার ও আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে একই ধারায় দায়ের করা হবে।

ইত্তেফাক/এএইচপি