রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে যানজটে আটকে থাকা একটি কাভার্ডভ্যানে হামলা চালিয়ে চালককে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত চালক মো. মহিন (৩৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তেজগাঁওয়ের রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের গাড়িচালক এবং বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তার বাবার নাম মো. নিজাম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাজলা ব্রিজের ঢালে ওঠার সময় যানজটের কারণে ধীরগতিতে চলছিল কাভার্ডভ্যানটি। ঠিক তখনই ৬-৭ জন ছিনতাইকারী হঠাৎ গাড়িতে উঠে চালককে জিম্মি করে নগদ টাকা দাবি করে। চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। পরে চালকের সঙ্গে থাকা নগদ ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় রাতেই চালক মহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিসান এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের ম্যানেজার হৃদয় চন্দ্র দাস বলেন, আমাদের গাড়িটি চট্টগ্রাম থেকে মাল বোঝাই করে ঢাকা হয়ে গাজীপুর যাওয়ার পথে ছিল। কাজলা এলাকায় এসে ছিনতাইকারীরা হঠাৎ গাড়িতে উঠে চালককে কুপিয়ে টাকা নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত চালক ঢামেকে চিকিৎসা নিয়েছেন। ছিনতাইয়ের বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

